ডোমারে পিডিবির তার ছিঁড়ে তিনটি বাড়ি ছাই
নীলফামারীর ডোমারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ১১ কেভি লাইনের তার ছিঁড়ে শতাধিক বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ছড়িয়ে পড়া আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে।
উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কেরানীপাড়া গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এলাকার ১২ জন বাসিন্দা বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে গ্রামের মিনাউ রহমানের বাড়ির পাশে হঠাৎ করে পিডিবির প্রধান সরবরাহ লাইনের ১১ কেভি বিদ্যুতের তার ছিঁড়ে গ্রাহকদের সরবরাহ লাইনে পড়ে যায়। এ সময় ওই তারে আগুন ছড়িয়ে পড়লে শতাধিক বাড়ির বৈদ্যুতিক মিটার পুড়ে যায়। ঘটনাস্থলের পাশে মন্টু, জহুরুল ও মিনাউ রহমানের তিনটি ঘর আগুনে পুড়ে যায়। এ সময় মিনাউ রহমানের গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা যায়। তখন হইচইয়ে লোকজন আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় ১০ জন আহত হয়।
কেরানীপাড়া গ্রামের তিনজন অভিযোগ করে বলেন, ১১ কেভি সরবরাহ লাইনের ওই স্থানে দীর্ঘদিন ধরে অনেক জোড়াতালি ছিল। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এলাকাবাসী দুই মাস আগে ডোমার বিদ্যুৎ কার্যালয়ে একটি অভিযোগ দেন। এরপর কার্যালয়ের লোকজন তার সারানোর জন্য তাঁদের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শুক্রবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে।
গ্রামের লোকজন আরও বলেন, ঘটনার পর শনিবার বিদ্যুৎ বিভাগের কোনো লোক এলাকায় আসেননি।
ডোমার বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন বলেন, গতকাল শনিবার তিনি রংপুরে ছিলেন। রোববার এলাকায় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।