ডোমারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার ডোমার উচ্চবিদ্যালয়ের মাঠে শহীদদের স্মরণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘হৃদয়ে স্বাধীনতা ডোমার’-এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
পরে বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানার সভাপতিত্বে এক অনুষ্ঠান হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের গর্ব। ৪৪ বছর পর ডোমারে স্বাধীনতাস্তম্ভ উদ্বোধন করা হলো, বিলম্বে হলেও এটি সম্ভব হয়েছে। এ জন্য আমি আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দলমত-নির্বিশেষে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরন নবী বলেন, স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০ লাখ টাকা ব্যয়ে ওই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এর নকশা ও পরিকল্পনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক শিল্পনির্দেশক ছয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা জি এম এ রাজ্জাক। ২০১৪ সালের ২০ নভেম্বর এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাংসদ আফতাফ উদ্দিন সরকার। পরে অনুষ্ঠানস্থলে ২৫ জন বীরাঙ্গনাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ আফতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
এর আগে বিকেলে মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী পৌরসভার ২১টি সড়কের প্রায় ২০ কিলোমিটার সড়ক সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এতে পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ সভাপতিত্ব করেন।