খানাখন্দে ভরা নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কে এবার উল্টে পড়েছে মালবোঝাই একটি ট্রাক। গত বুধবার রাতে উপজেলা শহরের মায়া সিনেমা হলের সামনের ওই সড়কে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের একটি রেস্টুরেন্টে আঘাত করে। এতে ওই রেস্টুরেন্টটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবারও ওই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তরুণ নাগরিক ঐক্য পরিষদ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। এর আগে গত মঙ্গলবারই সড়কটি সংস্কারের দাবিতে একই স্থানে মানববন্ধন করেছিল এলাকাবাসী। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কের কাদায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানায়। এ ঘটনায় ‘সড়ক না চষা জমি’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ট্রাক উল্টে পড়ার ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে মালবোঝাই ট্রাকটি চিলাহাটি থেকে ডোমার শহরে ঢোকার পথে মায়া সিনেমা হলের সামনে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি খাবার হোটেলে ধাক্কা খায়। এতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি অবরোধ করে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সড়কটি সংস্কারের দাবিতে গতকালের মানববন্ধনে বক্তব্য দেন তরুণ নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান, জাকীর প্রধান, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আইয়ুব আলী, কলেজ শিক্ষার্থী শরিফ সিদ্দিকী প্রমুখ।
বক্তারা বলেন, সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক সংস্কারের দাবিতে এর আগে মানববন্ধনসহ সড়কের কাদায় ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানায় এলাকাবাসী। এক দিন পর ওই জায়গাতেই ট্রাকটি উল্টে দুর্ঘটনা ঘটল। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।