ডোবা থেকে বিমা কর্মকর্তার লাশ উদ্ধার
চট্টগ্রামের হালিশহর থানাধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের পাশের একটি ডোবা থেকে গতকাল শনিবার সকালে এক বিমা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মুকিত আকতার আজিজ। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সকালে লাশ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। এরপর হালিশহর থানার পুলিশ ও সিআইডি পুলিশের ক্রাইম সিন বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জানা গেছে, মুকিত জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির আগ্রাবাদ শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি স্ত্রী, মা ও ছোট বোনকে নিয়ে হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকায় বসবাস করতেন। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, গত বৃহস্পতিবার রাত একটায় মুকিত ওষুধ কিনতে হালিশহরের সোনালী কমপ্লেক্সের শাশুড়ির বাসা থেকে বেরিয়ে যান। এরপর গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুকিতের শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে এটিকে তাঁরা হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।