ডোবায় মিলল হাজার হাজার সিম কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের সিম ডোবায়ও পাওয়া যায়! জয়পুরহাটের আক্কেলপুর-জামালগঞ্জ সড়কের পাশে ছোট্ট ডোবা থেকে এলাকাবাসী কয়েক হাজার মুঠোফোনের সিম পেয়েছে । প্রথম আলো
মুঠোফোনের সিম ডোবায়ও পাওয়া যায়! জয়পুরহাটের আক্কেলপুর-জামালগঞ্জ সড়কের পাশে ছোট্ট ডোবা থেকে এলাকাবাসী কয়েক হাজার মুঠোফোনের সিম পেয়েছে । প্রথম আলো

দূর থেকে মনে হবে, সবাই দলবেঁধে মাছ ধরছে। কিন্তু কাছে গিয়ে দেখা গেল—মাছ নয়, ডোবার কাদা পানিতে নেমে সবাই সিম কার্ড খুঁজছে। তাদের দুই হাত ভরে উঠে আসছে মোবাইল ফোন সেবাদানকারী বিভিন্ন কোম্পানির সিম কার্ড।
গতকাল মঙ্গলবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। একটি শিশু শাক তুলতে গিয়ে প্রথমে এসব সিম কার্ডের সন্ধান পায়। পরে গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই হুমড়ি খেয়ে পড়ে ওই ডোবায়। কয়েক হাজার সিম কার্ড সংগ্রহ করে তারা।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ জিয়াপুর গ্রামটি ক্ষেতলালে হলেও আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের সীমান্তবর্তী। আক্কেলপুর-জামালগঞ্জ সড়কের পাশে ছোট্ট ডোবাটি ঘিরে মানুষের ভিড়। গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর দলবেঁধে ডোবায় নেমে কাদা পানিতে খোঁজাখুঁজি করছে। তাদের মুঠো ভরে উঠে আসছে বিভিন্ন কোম্পানির সিম কার্ড। এগুলোর অধিকাংশই রবির। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, এক ঘণ্টায় ডোবা থেকে কয়েক শ সিম কার্ড উদ্ধার হয়েছে। ঘটনাস্থলেই অনেককে প্রতিটি সিম কার্ড পাঁচ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দেখে মনে হয়েছে, সিমগুলো ব্যবহূত।
সবুজ হোসেন (২০) নামের এক যুবক জানান, তিনি ডোবায় নামেননি। তবে ১৫ টাকায় তিনটি সিম কার্ড কিনেছেন। এর মধ্যে দুটি সিম কার্ড চালু রয়েছে।

ডোবা থেকে পাওয়া বিভিন্ন কোম্পানির কয়েকটি সিম কার্ড । প্রথম আলো
ডোবা থেকে পাওয়া বিভিন্ন কোম্পানির কয়েকটি সিম কার্ড । প্রথম আলো

গ্রামবাসী জানান, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গ্রামের আবু মুসার সাত বছরের ছেলে রিজভী আহামেঞ্চদ ওই ডোবায় শাক তুলতে যায়। সে-ই প্রথম ডোবায় সিম কার্ড পায়। পরে ঘটনাটি জানাজানি হলে গ্রামের সব বয়সী মানুষ সেখানে ছুটে গিয়ে ডোবায় নেমে পড়ে। অনেকে তিন শতাধিক সিম কার্ডও পেয়েছে।
গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের দাবি, ডোবায় কমপক্ষে ৩০ হাজার সিম কার্ড পাওয়া গেছে। পুলিশ আসায় অনেকেই সিম কার্ড লুকিয়ে ফেলেছে। নাজমা খাতুন নামের এক গৃহবধূ জানান, তাঁর ছেলে দুই শতাধিক সিম কার্ড পেয়েছে। এমরান নামে একটি শিশু জানায়, সে-ও ৩৫টি সিম কার্ড পেয়েছে।
যোগাযোগ করা হলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, তিনি বিষয়টি জানার পর ক্ষেতলাল থানার পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার পর নির্দেশ দিয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪৩টি সিম কার্ড উদ্ধার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা সিম উদ্ধারের বিষয়ে অবগত নন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের কাছে সিমগুলো নিয়ে এসে জানতে চাইলে তাঁরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।