ডোমার ও তারাগঞ্জে অগ্নিকাণ্ড
নীলফামারীর ডোমার উপজেলার বড়রাউতা গ্রামের একটি সোয়েটার কারখানায় গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই দিন রংপুরের তারাগঞ্জের পলাশবাড়ী গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১২টি ঘরসহ মালামাল পুড়ে গেছে।
সোয়েটার কারখানার মালিক সাবেত আলী বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার সোয়েটার তৈরির ৪০টি মেশিন, তৈরি সোয়েটার, সুতাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তাঁর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ভুপেন্দ্রনাথ বর্মণ বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পলাশবাড়ী গ্রামের খেতিশ চন্দ্রের বাড়িতে সন্ধ্যা সাতটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই গ্রামের দুলাল চন্দ্র, জগদীশ চন্দ্র, প্রমথ চন্দ্র, প্রশান্ত চন্দ্রসহ পাঁচটি পরিবারে ১২টি ঘর, নগদ টাকা, চাল, ধান, দুটি গাভি, তিনটি ছাগলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে তারাগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।