ডোমার হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার জন্য হাসপাতালের অ্যাম্বুলেন্স না দেওয়ায় নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া হাসপাতালটি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে শনিবার ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বোড়াগাড়ী বাজার এলাকার তারিক ও সোহেল তাঁদের একজন রোগী রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার জন্য হাসপাতালের অ্যাম্বুলেন্সটি দাবি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ একপর্যায়ে পাঁচ ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহারের আশ্বাস দেয়। কিন্তু তাঁরা দাবি করেন রোগী ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতে চিকিৎসক দেখানোর যত সময় লাগবে ওই সময় পর্যন্ত তাঁদের অ্যাম্বুলেন্সটি ব্যবহারের অনুমতি দিতে হবে। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তফা মঈন উদ্দিন বলেন, আমি পাঁচ ঘণ্টার বেশি সময়ের জন্য অ্যাম্বুলেন্সটি দিতে অপারগতা প্রকাশ করি। এতে তারা টিএইচওর কক্ষের দরজায় লাথি মারে, ভাঙচুর চালায়, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অ্যাম্বুলেন্স চালক ইসরাফিলকে মারধর করে এবং হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, শনিবার (গতকাল) ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোস্তাকুর রহমানের লিখিত অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।