ডোমারে আব্বাসউদ্দীনের জন্মজয়ন্তী উৎসব
নীলফামারীর ডোমারে রোববার সন্ধ্যায় প্রখ্যাত সংগীতশিল্পী আব্বাসউদ্দীনের ১১০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা শহরের নাট্য সমিতি মিলনায়তনে আব্বাসউদ্দীন একাডেমির আয়োজনে জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রবাসী কবি ও সাংবাদিক সালেম সুলেরী। মরহুম আব্বাসউদ্দীনের শ্বশুরবাড়ি ডোমারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ আবু তালহা। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, রাখী ভৌমিক, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চিশতি, ডোমার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক প্রমুখ। বক্তব্য দেন ডোমার আব্বাসউদ্দীন একাডেমির আহ্বায়ক মোস্তফা ফিরোজ, সদস্য রেজাউল করিম, মনুজান ঝরনা, জামান মাশরাফী, শাহীনুল ইসলাম, শহীদুল ইসলাম, মোতাহারুল হোসেন, মালা জেসমিন প্রমুখ। বক্তারা ডোমারে আব্বাসউদ্দীন একাডেমি ভবন নির্মাণ ও একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার দাবি জানান। অনুষ্ঠানে আব্বাসউদ্দীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়।জন্মজয়ন্তী উৎসবে কথা আর গান দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন আব্বাসউদ্দীনের দ্বিতীয় ছেলে প্রখ্যাত কণ্ঠশিল্পী ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী ও তাঁর সহধর্মিণী লেখিকা আসমা আব্বাসী।অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি সালেম সুলেরী ডোমারে আব্বাসউদ্দীন একাডেমি ভবন নির্মাণে সবাইকে সাহায্যের হাত বাড়িযে দেওয়ার আহ্বান জানিয়ে নিজে এক লাখ টাকা ও জমি প্রদানের ঘোষণা দেন। এরপর অনেকে ভবন নির্মাণের জন্য সহযোগিতার আশ্বাস দেন।