ডোমারে ইউপি চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ মাতা কার্ডের (ভিজিডি) চাল আত্মসাতের অভিযোগে নীলফামারীর ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সচিব মানিক চন্দ্র রায়কে গত রোববার গ্রেপ্তার করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান মিয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে চালসহ তাঁদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় আবদুস সালাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত শনিবার ডোমার ইউপিতে ২৭৫টি ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে প্রায় ২৪ কেজি করে চাল বিতরণ করা হয়। এর মধ্যে আটটি কার্ডের চাল বিতরণ না করে ওই দিন রাতে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউপি সচিব মানিক চন্দ্র কালোবাজারে বিক্রির চেষ্টা করলে এলাকাবাসী তা আটক করেন। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে প্রতিপক্ষরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ, ওই আটটি কার্ডের কার্ডধারীরা চাল নিতে আসেনি। ওই চাল ইউপি ভবনের একটি ঘরে রাখা হয়েছিল। একটি পক্ষ এ চাল ভাগ করে নেওয়ার প্রস্তাব দিলে আমি তা অস্বীকার করায় তারা মিথ্যা অভিযোগ এনে আমাকে ও আমার সচিবকে ফাঁসিয়ে দিয়েছে।’ ইউএনও আবু রায়হান মিয়া বলেন, ‘এলাকাবাসীর অভিযোগে চালসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।’