ডোমারে কর্মকর্তা লাঞ্ছিত, মুচলেকা দিয়ে মুক্তি
নীলফামারীর ডোমারে উৎকোচ দাবি করায় জনতার হাতে লাঞ্ছিত হয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ভ্যাট কর্মকর্তা।এলাকাবাসীর অভিযোগ, সৈয়দপুর সার্কেলের ভ্যাট কর্মকর্তা এমদাদুল হক ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে উৎকোচ আদায় করে থাকেন। গত মঙ্গলবার দুপুরে ডোমার বাজারের দাদা ভাই হোটেলে জনসমক্ষে এমন দাবি করলে উত্তেজিত জনতা তাঁকে লাঞ্ছিত করে।এলাকাবাসী জানান, দাদা ভাই হোটেলের মালিক গোপাল্রসাহার কাছে ১০ হাজার টাকা দাবি করলে হোটেলের মালিক অপারগতা জানান। এতে উত্তেজিত হয়ে দোকানের ক্যাশে হাত দিলে উপস্থিত জনতা তাঁকে (ভ্যাট কর্মকর্তা) ঘেরাও ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ব্যবসায়ীরা এসে উদ্ধার করে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেন।ব্যবসায়ীদের এসব অভিযোগ এমদাদুল হক অস্বীকার করলেও হোটেলের ক্যাশ বাক্স থেকে জোর করে হিসাবের খাতা নেওয়ার কথা স্বীকার করেন।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান মিয়া বলেন, অনেক ক্ষেত্রে অভিযোগের সত্যতা রয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ঊর্ধ্বতনকে জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।