ডোমারে গম কেনায় দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি
নীলফামারীর ডোমার উপজেলা খাদ্যগুদামের গম কেনার দুর্নীতি-অনিয়মের অভিযোগের তদন্ত দাবি করেছেন ব্যবসায়ী ও সাধারণ কৃষকেরা।অভিযোগে জানা যায়, খাদ্য অধিদপ্তর ৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত গম ক্রয়ের নির্দেশ দিলেও খাদ্য বিভাগ সুপরিকল্পিতভাবে ক্রয়-কমিটির সভা করে ২৮ এপ্রিল কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে সব গম ক্রয় করে। এতে প্রকৃত কৃষকেরা সরকার-নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ডোমার পৌরসভার মেয়র আল আজাহার হোসেন আভিযোগ করেন, গম কেনায় কৃষকদের বাদ দিয়ে ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হয়েছে।ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক তারিক আকরাম অভিযোগ করেন, ব্যবসায়ীদের মাধ্যমে গম কেনায় এ অঞ্চলের কৃষকেরা যেমন তাঁদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেন, তেমনি খাদ্যগুদামের শ্রমিকেরাও তাঁদের মজুরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এ বিষয়ে তদন্ত দাবি করেন। ডোমার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল চন্দ্র বলেন, ৭ মে পর্যন্ত গম কেনার সময়সীমা থাকলেও খাদ্য অধিদপ্তরের ১৬ এপ্রিলের চিঠি অনুযায়ী ২৯ এপ্রিল দুপুর ১২টার মধ্যে শেষ করতে হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কাসেম বলেন, ক্রয়-কমিটির সিদ্ধান্ত কিংবা নীতিমালার কোথাও কৃষকদের কাছ থেকে গম কেনার কথা ছিল না। এ ব্যাপারে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া বলেন, ‘যদি কৃষকদের গম নেওয়ার কথা নীতিমালায় না থাকে তাহলে চেয়ারম্যানদের স্লিপ দেওয়া হলো কেন।’ উপজেলা খাদ্য কর্মকর্তা তাঁদের সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁর নিজস্ব গম ব্যবসায়ীদের নামে ঢুকিয়েছেন। তদন্ত হলেই সবকিছু বেরিয়ে আসবে।