ডোমারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া পুর্বপাড়া গ্রামে শিউলি আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
শিউলির স্বামীর দাবি, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। কিন্তু শিউলির বাবার দাবি, তাঁর মেয়েকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। এ কারণে তিনি মারা গেছেন।
শিউলি আক্তার উপজেলার খাটুরিয়া পুর্বপাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী এবং একই উপজেলার বাগডোকরা গ্রামের ইউছুব আলীর মেয়ে। তাঁর সাত বছরের এক মেয়ে এবং আড়াই বছরের এক ছেলেসন্তান রয়েছে।
শিউলির বাবা অভিযোগ করেন, ‘শিউলি আক্তারের সঙ্গে প্রায় নয় বছর আগে বিয়ে হয় এনামুল হকের। বিয়ের পর থেকে পছন্দ না হওয়ার অজুহাতে আমার মেয়েকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। বিষয়টি নিয়ে কয়েকবার আপস-মীমাংসা করেছি। নির্যাতনের কারণে গতকাল সকালে শিউলি আমার বাড়িতে যেতে চাইলে তাকে মারধর করে এনামুল। এ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।’
এনামুল হক শিউলিকে মারধর ও তাঁর মুখে বিষ ঢালার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামনে মেয়ের পরীক্ষা। এ অবস্থায় সে বাবার বাড়ি যেতে চায়। এ নিয়ে কথা-কাটাকাটি হলে সে বিষ পান করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাচিনুর রহমান বলেন, বিষ পানে অসুস্থ হয়ে পড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে শিউলিকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি।