সরকারের নির্দেশে এ বছর এপ্রিল থেকে দেশব্যাপী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকলেও নীলফামারীর ডোমার উপজেলায় গত ছয় মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ নিয়ে বিদ্যুতের অবৈধ দুই শতাধিক সংযোগ দিয়েছেন। এ ছাড়া উপজেলায় আরও শ দুয়েক বিদ্যুতের সংযোগ রয়েছে। এসব গ্রাহকদের মিটার থাকলেও বৈধ হিসাব নম্বর বিদ্যুৎ বিভাগের তালিকায় নেই। ফলে তাঁরা মাসের পর মাস বিনা বিলে বিদ্যুৎ ব্যবহার করে যাচ্ছেন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী বাজারে গিয়ে দেখা গেল, আফজাল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির দেয়ালে বিদ্যুতের মিটার। আফজাল বলেন, ‘দুই মাস আগে সংযোগ পেয়েছি। বিদ্যুৎ অফিসের মঞ্জুর স্যার তিন হাজার ২০০ টাকার বিনিময়ে আমাকে মিটারসহ এই সংযোগ দিয়েছেন। কিন্তু এখনো কোনো কাগজ দেননি। কোনো বিলও আসেনি। তিনি জানান, একই সময় ওই এলাকায় এভাবে আরও চারটি সংযোগ দেওয়া হয়েছে।’সদর ইউনিয়নের বড় রাউতা গ্রামের মফিজারের বাড়ির বাইরে মিটার ঝুলছে। মফিজারের স্ত্রী গোলাপী বলেন, ‘আমরা তিন মাস আগে লাইন নিছি, এখনো বিল আসে নাই। মিটার লাগে দিয়া গেইছে তিন হাজার ২০০ টাকায়।’ ওই গ্রামের বাসিন্দা দক্ষিণ বড় রাউতা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাকিম জানান, এ ধরনের লাইন এ গ্রামে অনেক আছে।একই ইউনিয়নের ছোট রাউতা গ্রামের ওপর দিয়ে হরিণচড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার পাশ দিয়ে গাছকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করে ছেঁড়াফাটা তারের সরবরাহ লাইন চলে গেছে। ছোট রাউতা গ্রামে গিয়ে দেখা গেছে, রবিউল ইসলামের বাড়ির বাইরে মিটার। রবিউল ইসলামের ভাই এনতাজুল বলেন, ‘বিদ্যুৎ অফিসের মঞ্জুর স্যার দেড় হাজার টাকা নিয়ে লাইনটা ছয় মাস আগে করে দিয়েছেন। তবে সংযোগ নেওয়ার পর থেকে বিল আসেনি।’হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া ২ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে কয়েকটি বাড়িতে মিটার ঝুলতে দেখা যায়। এ সময় হরিণচড়া গ্রামের মনছের আলী বলেন, মাস তিনেক আগে সংযোগ নিতে তিন হাজার ৮০০ টাকা খরচ হয়েছে। তবে এখন পর্যন্ত সংযোগের কোনো কাগজ বা বিল তিনি পাননি। তিনি বলেন, ‘আমরা একই সময় অন্তত ৪০ জন গ্রাহক এভাবে সংযোগ নিয়েছি। কাগজ নাকি হয়েছে; দু-এক দিনের মধ্যে দেবে বলে বিদ্যুৎ অফিস থেকে জানিয়েছে।’পিডিবির ডোমার কার্যালয়ে গিয়ে জানা গেল, মঞ্জুর আলম ওই কার্যালয়ের নিম্নমান হিসাব সহকারী। এ প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন। পরে তাঁর মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তিনি ফোন বন্ধ করে দেন। গতকাল শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।ডোমার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় বলেন, সরকারের নির্দেশে ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সব ধরনের সংযোগ দেওয়া বন্ধ আছে। তিনি বলেন, ‘আমি এ অফিসে গত ১৯ আগস্ট যোগদান করেছি। অবৈধ সংযোগের ব্যাপারে ৩০ আগস্ট ডোমার থানায় জিডি করেছি। ১৭ সেপ্টেম্বর কার্যালয়ে বৈঠক করে কর্মকর্তা-কর্মচারীদের নতুন করে সংযোগ দেওয়ার চেষ্টার ব্যাপারে সতর্ক করে দিয়েছি।’ ডোমারে চার শতাধিক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অবৈধ সংযোগ দুই-আড়াই শ হতে পারে। এসব সংযোগ কারা দিয়েছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জানলে তো আমিই মামলা করতাম।’ অবৈধ সংযোগের ব্যাপারে তিনি ৩ অক্টোবর লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।