ডোমারে ছাত্রদল নেতার গলা কেটে মোটরসাইকেল ছিনতাই
নীলফামারীর ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ওরফে পাপ্পুকে (২২) গলা কেটে তাঁর মোটর সাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বুড়ার ডোবা এলাকা থেকে গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে প্রথমে ডোমারের ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত রাকিব ডোমার পৌর এলাকার চিকনমাটি গ্রামের রেজাউল হকের ছেলে এবং ডোমার পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলামের ভাতিজা।এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা মকমুদুল হক বাদী হয়ে কামরুজ্জামান ওরফে সেবুর ও অজ্ঞাতনামা আরও দুজনের কথা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাগডোগরা মাহিগঞ্জ গ্রামের কামরুজ্জামানের ফোন পেয়ে রাকিব বটতলী বুড়ার ডোবাসংলগ্ন স্থানে যান। সেখানে থেকেই গুরুতর জখম রাকিবকে উদ্ধার করা হয়। ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর সাবেক গাড়িচালক কামরুজ্জামান ও তাঁর লোকজন (কামরুজ্জামান) রাকিবকে মুঠোফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।