ডোমারে জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামানের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, গাছ লুট, হত্যার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগে নীলফামারীর ডোমারে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে।
ডোমার-চিলাহাটি সড়কের হলহলিয়া কুড়ার স্কুল এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এক ঘণ্টাব্যাপী বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যৌথভাবে ওই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ক্ষত্রিয় সমিতির অর্থ সম্পাদক জগদীশ চন্দ্র সিংহ, জমির মালিক মৃণাল কান্তি, জগদীশ চন্দ্র, দিনবন্ধু রায় প্রমুখ।
বক্তারা বলেন, সদ্যবিলুপ্ত ছিটমহল দোহলা খাগড়াবাড়ির ৮১০ ও ৮১২ দাগে ১ একর ৯৮ শতক জমির দলিলমূলে তাঁদের মালিকানা রয়েছে। এর মধ্যে এক একর জমিতে ছয় থেকে সাত শ শিরীষ, ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছের বাগান রয়েছে। সেগুলো গত ২৯ জানুয়ারি রাতে নুরুজ্জামানের লোকজন কেটে লুট করে জমি দখলের চেষ্টা করছেন। এখন তাঁরা আমাদের প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন।
ওই মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেখানে একই দাগে ৪৮ বিঘা জমি আছে। যার মধ্যে পৈতৃক সূত্রে ৪৫ বিঘা জমি আমার। দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে জমি নিয়ে আমার সমস্যা চলছে। এ নিয়ে পাঁচবার বৈঠক হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকও সেখানে গিয়েছিলেন। পাঁচবারই এটার সমাধান হয়েছে। এরপরও আমি বলছি, তাঁদের জমি যদি আমার কাছে থাকে তাহলে তাঁরা বসুক আমি ফেরত দিতে রাজি আছি। আমি সেখানে ৫০ বিঘা জমিতে চা-বাগান করেছি। ওই বাগানের কিছু ইউক্যালিপটাস গাছ কেটেছি। তাঁদের জমির গাছ কাটব কেন। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁরা এসব করছেন।’