ডোমারে ঠিকাদার অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার থেকে ঠিকাদার অপহরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুজনকে বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ডোমার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের করতোয়া কুরিয়ার সার্ভিস দিনাজপুরের বীরগঞ্জ শাখা থেকে মুক্তিপণের টাকা নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড ঢাকার সাব-ঠিকাদার সিরাজুল ইসলামকে ডোমার উপজেলার বোড়াগাড়ীর ব্রিজ থেকে শহরে ফেরার পথে বুধবার সকালে অপহরণ করা হয়। রাতে মোবাইল ফোনে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে করতোয়া কুরিয়ার সার্ভিস দিনাজপুরের বীরগঞ্জ শাখায় টাকা পাঠানোর নির্দেশ দেয়।গতকাল দুপুরে মুক্তিপণের টাকা তুলতে গেলে সাদা পোশাকে ওত পেতে থাকা ডোমার থানার পুলিশের হাতে দুজন অপহরণকারী গ্রেপ্তার হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী অপহূত ঠিকাদার সিরাজুল ইসলামকে উদ্ধারের জন্য পুলিশ ঠাকুরগাঁও গেছে।