ডোমারে দ্বিতীয় দফায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে দ্বিতীয় দফায় শুরু হয়েছে সরকারের ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কর্মসূচি। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার।
জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃত্যুঞ্জয় রায় বর্মণ, জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাচান, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁর লক্ষ্য, দেশের একটি মানুষও অর্ধাহার-অনাহারে থাকবে না।
মৃত্যুঞ্জয় রায় বর্মণ বলেন, ডোমার উপজেলায় ৩৭ জন ডিলারের মাধ্যমে দ্বিতীয় দফায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ১৮ হাজার ৬৮৫ জন হতদরিদ্রের মাঝে প্রায় ৫৬১ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।