ডোমারে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ আহত ১২
নীলফামারীর ডোমার উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার যাত্রী উঠানোকে কেন্দ্র করে মিনিবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মিনিবাস চালকের সহকারী মইনুল হক (৩৫) ও ইজিবাইক শ্রমিকনেতা নুরুল আমিনকে (৩৬) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠাতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর মিনিবাস শ্রমিকেরা এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করে রাখেন। এতে ডোমারের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। পরে ডোমার থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।