ডোমারে প্রতিবন্ধী যুবক ও হাতীবান্ধায় শিশুর মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে জাহিনুল ইসলাম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। একই দিন লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে রিদম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জাহিনুল খানাবাড়ি গ্রামে সামছুল হকের ছেলে। রিদম হাতীবান্ধার সিংগিমারী ইউনিয়নের উত্তর সিংগিমারী গ্রামের স্কুলশিক্ষক রমজান আলীর ছেলে। রিদম স্থানীয় মৈত্রী শিশু একাডেমীতে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী জাহিনুল গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তাঁকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এদিকে রিদম গতকাল দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। তাঁরা ওই পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।