ডোমারে বাসায় ও পীরগাছায় পেট্রলপাম্পে অগ্নিকাণ্ড
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে একটি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। একই রাতে রংপুরের পীরগাছার চৌধুরাণী ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ জ্বালানি তেল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি বাজারসংলগ্ন আবিদ হোসেন প্রধানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত বাড়ির চারটি আধপাকা ঘরে ছড়িয়ে পড়ে। এতে সোনার গয়না, টাকা, টেলিভিশন, রেফ্রিজারেটর, আসবাবসহ সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়ির গেটে তালা থাকায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
তবে আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী রাশেদ, সিরাজ, শামিম ও ওসমান আহত হন। তাঁদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত আবিদ হোসেন চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘বুধবার পরিবারের সবাই মিলে আত্মীয়ের বাড়িতে যাই। সেখানে মুঠোফোনে খবর পেয়ে রাতেই এসে দেখি, সব শেষ হয়ে গেছে।’ তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এদিকে একই রাত আটটার দিকে পীরগাছা উপজেলার চৌধুরাণী বাজারে চৌধুরাণী ফিলিং স্টেশনে একটি ট্যাংকলরি থেকে পেট্রলপাম্পের মজুত ট্যাংকে পেট্রল ভরা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে ট্যাংকলরিতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে আগুন পাম্পের মজুত ট্যাংকে ধরে যায়। সেখান থেকে পাম্পের দুটি সরবরাহ মেশিনে আগুন ধরে যায়। এ সময় পাম্পের কর্মচারী ও লোকজন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চৌধুরাণী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, একটি ট্যাংকলরি থেকে পাম্পের মজুত ট্যাংকে পেট্রল নামানোর সময় আকস্মিকভাবে আগুন ধরে যায়। কিন্তু আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে বিড়ি-সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাম্পের মালিক আতিকুর রহমান বলেন, মজুত ট্যাংকে সাড়ে ২৬ হাজার লিটার ডিজেল ও সাড়ে ১০ হাজার লিটার পেট্রল ছিল এবং ট্যাংকলরি থেকে নয় হাজার লিটার পেট্রল নামানো হচ্ছিল। আগুনে ট্যাংকলরি ও পাম্পের দুটি সরবরাহ মেশিনসহ মজুত করা জ্বালানি তেল পুড়ে গেছে। এতে ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।