ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে নছিমনচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গত সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিকুল ইসলাম (২০) নামের এক নছিমনচালকের মৃত্যু হয়েছে। সফিকুল ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের আবুল কাসেমের ছেলে।

বাবুল হোসেন নামের এক নছিমনচালক বলেন, ‘ঠাকুরগাঁওয়ের রুহিয়া থেকে তিনটি নছিমনে করে গাছের গুঁড়ি নিয়ে আমরা ডোমারে যাচ্ছিলাম। পথে সোমবার বিকেল পাঁচটার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের ডোমার ইউনিয়ন পরিষদসংলগ্ন সবজি কোল্ডস্টোরেজের সামনে আমার নছিমন গাড়িটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় আমাকে উদ্ধারে সফিকুল এগিয়ে গেলে সেখানে ছেঁড়া বিদ্যুতের তারের স্পর্শে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সফিকুলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।