নীলফামারীর ডোমারে গাঁজা ও ফেনসিডিল বিক্রেতা বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ডোমার উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই মাদকের কারণে ডোমারে সম্প্রতি দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী জানান, ডোমারের ছোটরাউতা কাজীপাড়া মহল্লার রশিদুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে আবদুস সালাম ওরফে বাবু (৩০) দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। এই মাদকের ছোবলে গত রোববার বাসস্ট্যান্ড এলাকার আইনুল ইসলামের ছেলে এডেন (২৮) এবং গত শুক্রবার বাজার মহল্লার শাহীর ছেলে সুমন (৩০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডোমার উপজেলা সদরের আইয়ুব আলী বলেন, ‘শহরে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। মরণ নেশা মাদকের ছোবলে তিন দিনের ব্যবধানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকজন মারা গেছে, যার মধ্যে একই পরিবারে একাধিক ব্যক্তি রয়েছে। অনেকে লোকলজ্জার ভয়ে তাঁদের এ সমস্যার কথা কাউকে বলতে চান না।’ডোমার থানার এসআই রুহানী বলেন, মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে ৩৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দিকে নীলফামারীতে গাঁজা সেবনের অপরাধে ইমাম নুরী (২৫) নামে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ এ দণ্ডাদেশ দেন। ইমাম নুরী সৈয়দপুর উপজেলার চাউলপট্টি হাওয়ালপাড়া এলাকার সামছাদ হোসেনের ছেলে।জেলা পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, নীলফামারীতে মাদকের বিরুদ্ধে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বিক্রেতা বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে তিনি জনসচেতনতা বাড়াতে সভা-সমাবেশের প্রতি গুরুত্বারোপ করেন।