ডোমারে মালিকানার দ্বন্দ্বে ১৬ দোকান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে নীলফামারীর ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন বিপণিবিতানের ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ১৬ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছে একটি পক্ষ। এদিকে বন্ধ দোকান খুলে দেওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরে মানববন্ধন করেছেন।
শহরের স্টেশন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মগদুমুল হক বলেন, ‘আমরা ১৬ জন ব্যবসায়ী প্রায় ৩০-৩৫ বছর ধরে হাজি তমিজউদ্দিন সরকারের কাছ থেকে ভাড়া নিয়ে মার্কেটে ব্যবসা করে আসছি। কিন্তু হাজি তমিজউদ্দিন ২০০৩ সালে মারা যাওয়ার পর তাঁর দুই স্ত্রীর ছেলেমেয়েরা যৌথভাবে আমাদের কাছ থেকে ভাড়া নিতেন। পরে প্রথম স্ত্রীর ছয় ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে ও চার মেয়ের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। এ অবস্থায় আমরা ১৮ মাস ধরে আদালতের মাধ্যমে তাঁদের ভাড়ার টাকা পরিশোধ করি। কিন্তু হঠাৎ করেই ১০ এপ্রিল রাতে তমিজউদ্দিনের প্রথম স্ত্রীর ছেলেরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে তালা লাগিয়ে দেন। ফলে ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। এতে কয়েক কোটি টাকার মালামাল নিরাপত্তাহীনতায় পড়ে আছে।’ একই ধরনের কথা বললেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অরবিন্দ সাহাসহ কয়েকজন।
তমিজউদ্দিনের প্রথম স্ত্রীর ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘ওই জমির মধ্যে আমাদের দুই মায়ের ছেলেদের মধ্যে মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। আদালত মালিকানার বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষককে সেখানে যেতে নিষেধ করেছেন। এটিকে পুঁজি করে আফজাল হোসেন, জাকির হোসেনসহ ১১ জন ব্যবসায়ী দোকানঘর ভেঙে সম্প্রসারণ করছিলেন। এ কারণে আমি সব দোকানে তালা দিয়েছি।’ তবে ব্যবসায়ীরা দোকানঘর সম্প্রসারণের অভিযোগ অস্বীকার করেছেন।
ডোমার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘সেখানে তাঁদের বিমাতা ভাইদের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ চলছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। আমরা উভয় পক্ষকে নিয়ে একাধিকবার সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু সমাধান হয়নি। এ অবস্থায় দোকানগুলো বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি দৈনিক ভিত্তিতে কাজ করে এমন কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছেন।’