ডোমারে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর চিলাহাটি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত রেললাইন সংস্কার ও সম্প্রসারণ করার লক্ষ্যে লাইনের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে ডোমারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে জনরোষে পড়েন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ ওই রেললাইনের দুই ধারের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল থেকে শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, ডোমার বাজার রেল ঘুমটির কাছে উচ্ছেদ অভিযানের সময় রেললাইনের ধারে অবৈধ পাকাঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ না করে ঝুপড়িঘর উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের বচসা হয়। এ ব্যাপারে কিরণ চন্দ্র রায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, এলাকাবাসীর সঙ্গে বচসা হলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রেলওয়ের সূত্রমতে, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।