ডোমারে রেলগেট সম্প্রসারণ ও রাস্তা সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলগেটটির সম্প্রসারণ ও শহরের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে তরুণ নাগরিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলগেট এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।
তরুণ নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক এস কে সোহেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি মফিজার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমীন রহমান, সমাজকর্মী গোলাম কুদ্দুস আইয়ুব, ব্যবসায়ী নিখিল সাহা, সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, যখন এ অঞ্চলে গরুর গাড়ি চলাচল করত, তখন বাজারের ভেতর ডোমার-দেবীগঞ্জ সড়কে ডোমার-চিলাহাটি রেললাইনে রেলগেট নির্মাণ করা হয়েছিল। আজ এ রাস্তা দিয়ে বাস-ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু আজও সেই রেলগেটটিই রয়ে গেছে। এই রেলগেটের ওপর দিয়ে একটি বাস অথবা ট্রাক চলাচল করলে আর কোনো যান চলাচলের জায়গা থাকে না। এতে তৈরি হয় যানজট। এই যানজট কখনো দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত থাকে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
এ ছাড়া শহরের চিলাহাটি সড়ক, দেবীগঞ্জ সড়ক, চিকনমাটি সড়কসহ বিভিন্ন সড়কের পিচঢালাই উঠে খানাখন্দে ভরে গেছে। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে কাঁদামাটিতে সয়লাব হয়ে যায়। খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। পাশাপাশি রাস্তার যত্রতত্র রিকশা ও অটোরিকশা দাঁড়িয়ে থাকায় অসহনীয় যানজট হচ্ছে।
ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম বলেন, ‘রেলগেট সম্প্রসারণের বিষয়ে আমরা রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আর রাস্তাগুলো সড়ক ও জনপথের। তারপরেও আমরা নাগরিক সেবার বিবেচনায় পৌরসভার অর্থে রাস্তার ভাঙা অংশে ইট-সুরকি দিয়েছি।’ অবৈধ রিকশা ও অটোরিকশা স্ট্যান্ডের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যত্রতত্র রিকশা-অটোরিকশা না দাঁড়ানোর বিষয়ে মাইকিং করেছি, প্রশাসনের সাহায্য নিচ্ছি। তারপরেও তারা যত্রতত্র দাঁড়াচ্ছে।’