ডোমারে সৌদি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী তছলিমা আক্তারের (৩০) রহস্যজনক মৃত্যু হয়েছে।এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে তছলিমার ভাই শাহিনুর ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী গ্রামের রবিউল হক বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন। গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী তছলিমা আক্তার ও ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র তরি (৮) থাকত। ছয় মাস আগে রবিউল হক সৌদি আরব থেকে দেশে ফিরে আবার কর্মস্থলে ফিরে গেছেন।শাহিনুর ইসলাম অভিযোগে দাবি করেন, তছলিমা রবিউলের চাচাতো ভাই মোতালেব (৫০) ও তাঁর ছেলে সুমনকে (২৫) ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা দেন। কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যবসার টাকার কোনো হিসাব না পাওয়ায় তছলিমা টাকা ফেরত চান। এ নিয়ে সোমবার বিকেল চারটার দিকে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। এরই একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তছলিমা হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাঁরা প্রচার চালান এবং ঘটনার চার ঘণ্টা পর রাত আটটার দিকে লাশ দাফন করেন। তছলিমার বাবার বাড়ির লোকজন খবর পেয়ে গিয়ে দেখতে পান লাশ দাফন হয়ে গেছে।ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করে তাঁর নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’