ডোমারে সড়ক দুর্ঘটনায় খাদ্য কর্মকর্তা নিহত

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ওবায়দুল হক (৫২) নামের এক খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যার পর ধরণীগঞ্জ বাজারের কাছে নীলফামারী-ডোমার সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যা সাতটার দিকে ডোমার থেকে নীলফামারীর দিকে পাথরবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকটি ধরণীগঞ্জ বাজারের কাছে পৌঁছালে নীলফামারী থেকে আসা বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের দুই আরোহী ওবায়দুল হক ও ধান-চাল ব্যবসায়ী মো. নুরনবী (৩৮) আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খাদ্য কর্মকর্তা মারা যান। নুরনবীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওবায়দুল হকের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এবং আহত নুরনবীর বাড়ি ডোমার পৌর এলাকার চান্দিনাপাড়ায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ওবায়দুল হক গতকাল দুপুরে খাদ্য বিভাগের মাসিক সভায় অংশ নেন। সভা শেষে বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুর্ঘটনার কবলে পড়েন।