ডোমারে হত্যা করে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৩
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামে অতুল চন্দ্র রায় (৬৫) নামের এক গৃহকর্তাকে হত্যা করে টাকা লুটের ঘটনায় গত সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলো অতুলের নাতি একই গ্রামের সুমন চন্দ্র রায় (১৬), তার দুই বন্ধু পশ্চিম বোড়াগাড়ি কাউয়াতলী গ্রামের প্রকাশ চন্দ্র রায় (১৭) ও মো. নিশান (১৭)। তারা তিনজনই ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গত বৃহস্পতিবার খুন হন অতুল চন্দ্র। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী দেবমায়া রানী রায় (৫৫) বৃহস্পতিবার রাতেই থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, সুমনের নানার কাছে টাকা ছিল। ওই টাকা নিতে দুই বন্ধুর সঙ্গে পরামর্শ করে সুমন। বৃহস্পতিবার দুপুরে মামিকে আনতে যান নানি। পরে নানা একা বাড়িতে থাকায় দুই বন্ধুকে ঘরে রক্ষিত টাকা আনতে পাঠায় সুমন। টাকা নিয়ে আসার সময় অতুল টের পেলে সুমনের দুই বন্ধু নানাকে পেছন দিকে হাত বেঁধে নাকে-মুখে স্কচটেপ আটকে দেয়। এ সময় তারা ৩২ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। সুমন বাড়িতে ঢুকে দেখে, নানা অতুল চন্দ্র শ্বাসরোধে মারা গেছেন। এ ঘটনায় সোমবার ভোররাতে নিশানকে আটক করে তার কাছ থেকে আট হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুমন ও প্রকাশকে গ্রেপ্তার করে পুলিশ। প্রকাশের কাছ থেকে ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।