ডোমারে ১১ কেভি বিদ্যুতের তার ছিঁড়ে নিহত ১, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে সুমন চন্দ্র নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানে আগুন ধরে যায়। এতে নয়জন আহত হন।
সুমন ডোমার পৌর এলাকার কুলিপাড়ার যুগল দাসের ছেলে। তিনি পেশায় মুচি ছিলেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ডোমার বাজারের ওপর দিয়ে ১১ কেভি বিদ্যুতের একটি তার গেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তারটি ছিঁড়ে দোকানের ওপর পড়ে। এর পরপরই বাজারের কয়েকটি ঘরে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। আহত হন কমপক্ষে নয়জন। এ সময় আশপাশের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে গৌর সাহা ও তাঁর দোকান কর্মচারী ওহাব আলীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে ডোমারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ডোমার থানার এসআই শাহিনুর রহমান জানান, ঘটনাস্থলেই সুমন মারা যান। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পিডিবির ডোমার অঞ্চলের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, ‘সেখানে হঠাৎ করে ১১ কেভি লাইনের তার ছিঁড়ে কয়েকটি দোকানে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আমরা লাইনটি রাতের মধ্যে ঠিক করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ করছি।’