ডোমারের ৪ গ্রামে ২২ দিন পর বিদ্যুৎ
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চারটি গ্রামের মানুষ ২২ দিন পর গত সোমবার রাতে বিদ্যুৎ পেয়েছে৷
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উদাসিনতার কারণে ওই চারটি গ্রাম ২২ দিন বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মতিতে পিডিবি সোমবার রাত ১১টা ১০ মিনিটে ওই গ্রামে বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপন করে।
গত ১৯ মে সোনারায় ইউনিয়নের ধনীপাড়া মোড়ে পিডিবির এই লাইনটি কেটে দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ‘চারটি গ্রাম ১৫ দিন বিদ্যুৎবিহীন’ শিরোনামে একটি সংবাদ ৪ জুন প্রথম আলোয় প্রকাশিত হলে ডোমার পিডিবি তৎপর হয়ে ওঠে।
এ ব্যাপারে পিডিবির ডোমার কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের ট্রান্সফরমার ও লাইন চুরির হাত থেকে রক্ষার অজুহাতে সংযোগ বন্ধ করে চিঠি দেয়। আবার বাইরে বলছে, পিডিবি সেচ গ্রাহক দেওয়ার কারণে তারা লাইন বন্ধ করেছে। কিন্তু সেখানে প্রকল্প চালুর পর কোনো সেচ সংযোগ দেওয়া হয়নি। এরপর তারা দাবি করে বসে, পিডিবি সেখানে যে ট্রান্সফরমারটি বসিয়েছে সেটি তাদের গভীর নলকূপের কাছে৷ তাই সেটি সরাতে হবে। এটা অযৌক্তিক দাবি৷ তবু গ্রাহকদের সমস্যা সমাধানের কথা চিন্তা করে আমরা তাদের দাবি মেনে নিয়ে সময়মতো সেটি সরানোর প্রতিশ্রুতি দিই৷ এরপর তারা সংযোগ দিতে সম্মত হয়।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডোমারের সহকারী প্রকৌশলী সহীদুল ইসলাম বলেন, ‘পিডিবি চিঠি দিয়েছে, তারা ট্রান্সফরমারটি বর্তমান স্থান থেকে সরিয়ে নেবে। এ পরিপেক্ষিতে আমরা সংযোগ দিতে সম্মতি দিয়েছি।’