ডোরেমন কার্টুন বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দিতে প্রচারিত জাপানি কার্টুন ডোরেমন বন্ধের দাবি জানিয়েছেন সাংসদ শাহরিয়ার আলম। গতকাল রোববার জাতীয় সংসদে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তবে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ হিসেবে বিষয়টি গৃহীত হয়নি।শাহরিয়ার আলম বলেন, ডিশ চ্যানেলের মাধ্যমে বর্তমানে হিন্দি কার্টুন ডোরেমন দেখানো হচ্ছে। বাংলাদেশের প্রায় সব বাচ্চা এই কার্টুন দেখছে। এই কার্টুন বাচ্চাদের হিন্দি আর মিথ্যা বলা ছাড়া কিছুই শেখাতে পারবে না। এই কার্টুন বন্ধ না হলে বাংলা ভাষার চেয়ে হিন্দি বলা বেড়ে যাবে। যেসব চ্যানেল এই কার্টুন দেখাচ্ছে, সেগুলোর অনুমোদনও বন্ধ করার পক্ষে মত দেন তিনি। ওই সাংসদ আরও বলেন, এমন কার্টুন দেখাতে হবে যেগুলো বাচ্চাদের নৈতিক শিক্ষা দেয়।