ডোলেন্সারের এমডির বাসা তিন দিন ধরে ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে ডোলেন্সার নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসা তিন দিন ধরে ঘেরাও করে রেখেছেন প্রতিষ্ঠানটির গ্রাহকেরা। একই দাবিতে গতকাল রোববার দুপুরে তাঁরা জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধও করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।ডোলেন্সারের গ্রাহকদের অভিযোগ, তাঁদের বিনিয়োগ করা টাকা নিয়ে এমডি রোকন ইউ আহমেদ সস্ত্রীক সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে টাকা দেওয়ার কথা থাকলেও তিন মাস ধরে বন্ধ রয়েছে। এরপর প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে গত শুক্রবার থেকে তাঁরা মিরপুর মধ্য পীরেরবাগে এমডির বাসা ঘেরাও করেন। ওই বাসায় তাঁর শ্বশুর-শাশুড়ি আছেন। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তাঁরা ওই এলাকা ছাড়বেন না বলেও জানিয়ে দিয়েছেন।গ্রাহকেরা বলেন, দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ ডোলেন্সারের গ্রাহক। তাঁদের প্রত্যেকেই সাত হাজার টাকা দিয়ে প্রতিষ্ঠানের গ্রাহক হয়েছেন। অনেকেই আবার সর্বনিম্ন ৩৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ১০ লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভাড়া (লিজ) নিয়েছেন। সেই হিসেবে প্রতিষ্ঠানে তাঁদের ৮০০ কোটির বেশি টাকা বিনিয়োগ রয়েছে।গ্রাহকদের লোভ দেখানো হয়, ডোলেন্সারের ওয়েবসাইটে ক্লিক করলেই তাঁরা টাকা পাবেন। শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে টাকা দেওয়ার কথা থাকলেও গত তিন মাস তাঁরা কোনো টাকা পাননি। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করছেন। এমন সংবাদ পেয়ে গত শুক্রবার গ্রাহকেরা মধ্য পীরেরবাগে এমডির বাসায় গিয়ে দেখেন, বাসা তালাবদ্ধ।গতকাল রোববার দুপুরে মধ্য পীরেরবাগে গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিক গ্রাহক পাঁচতলা একটি বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। ওই বাড়ির পাঁচতলায় এমডি রোকনের বাসা। চারতলায় থাকেন তাঁর শ্বশুর-শাশুড়ি। পাঁচতলার বাসাটি তালাবদ্ধ। ওই বাড়ির প্রধান ফটকে থানার পুলিশ ছাড়াও বেশ কয়েকজন দাঙ্গা পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।রাকিব হাসান নামের এক গ্রাহক বলেন, তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডোলেন্সারে সাড়ে ছয় লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা বিনিয়োগ করে নিঃস্ব প্রায়।সৈয়দপুর থেকে আসা গ্রাহক মোছাম্মৎ নাজনীন বলেন, সৈয়দপুরে তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। তিনি ছাড়াও তাঁর আশ্বাসে প্রায় ৮০০ জন ডোলেন্সারের গ্রাহক হয়েছেন।গ্রাহকদের সঙ্গে কথা বলতে বলতেই শতাধিক গ্রাহক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে দেন। তাঁরা মিছিল নিয়ে মধ্য পীরেরবাগ থেকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে এসে বসে পড়েন। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গেলে গ্রাহকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সড়কে গিয়ে গ্রাহকদের বোঝানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা পর গ্রাহকেরা অবরোধ তুলে নেন।জানতে যোগাযোগ করা হলে ডোলেন্সারের এমডির সিঙ্গাপুরের মুঠোফোন নম্বরে ফোন করে তাঁকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কথা বলতে ওই বাড়ির চারতলায় গেলে বাসার গৃহকর্মী মর্জিনা খাতুন বলেন, ‘তাঁরা (এমডির শ্বশুর-শাশুড়ি) অসুস্থ। তাঁদের ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছি।’পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গ্রাহকদের মামলা করতে বলেছি। মামলা হলে দায়ীদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে।’