ড্যান্ডি ডাইং মামলায় খালেদাও বিবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ঋণখেলাপি মামলায় আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্ত্রী ও দুই মেয়েকে বিবাদী করার আদেশ দিয়েছেন আদালত। সোনালী ব্যাংকের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী এ আদেশ দেন।
ড্যান্ডি ডাইংয়ের নামে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা করে। মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়।
গত ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান। এ কারণে কোকোর অংশীদার হিসেবে ইসলামি শরিয়াহ অনুযায়ী কোকোর মা খালেদা জিয়া, স্ত্রী শার্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে পক্ষ করতে ৮ মার্চ আবেদন করে সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী দেওয়ানি মোকদ্দমায় কোনো ব্যক্তি মারা গেলে তাঁর অংশীদার হিসেবে পরিবারের সদস্যদের পক্ষ করার বিধান রয়েছে। সে অনুয়ায়ী ৮ মার্চ বেগম খালেদা জিয়া, কোকোর স্ত্রী শার্মিলা রহমান ও দুই মেয়েকে পক্ষ করা হয়েছে। আদালত তা মঞ্জুর করেন।’
এ মামলায় অন্য বিবাদীরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, সুমাইয়া এস্কান্দার, শাহীনা ইয়াসমিন, বেগম নাসরিন আহমেদ, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।