ড্যান্ডি ডাইং মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ৩ এপ্রিল ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যান্ডি ডাইং ও এর পরিচালকদের বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। বিবাদীপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন।
এ মামলার বিবাদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় বিচার শুরু হওয়ার (ইস্যু গঠন) আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটের শুনানি না হওয়া পর্যন্ত সময় চেয়েছি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেন।’
ঋণখেলাপের অভিযোগে করা এ মামলায় গত ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৪ জন বিবাদীর বিরুদ্ধে বিচার শুরুর (ইস্যু গঠন) আদেশ দেওয়া হয়। ড্যান্ডি ডাইংয়ের নামে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপের অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে এ মামলা করে। মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান ও তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়। আরাফাত রহমান মারা যাওয়ায় তাঁর সম্পদের অংশীদার হিসেবে তাঁর মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়েকে বিবাদী করা হয়।