ড্যান্ডি ডায়িংয়ের ঋণ খেলাপের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিবাদীর বিরুদ্ধে করা মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ হয়নি। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১২ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার অর্থঋণ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান। গত বছরের ২৪ জানুয়ারি এ মামলার বিবাদী আরাফাত রহমান কোকো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। এরপর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাঁর মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করে। এ মামলায় অন্য বিবাদীরা হলেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভাই প্রয়াত সাঈদ এস্কান্দরের ছেলে শামস এস্কান্দর ও সাফিন এস্কান্দর, মেয়ে সুমাইয়া এস্কান্দর ও স্ত্রী নাসরিন আহমেদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন (অন্য মামলায় বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।