ড্যান্ডি ডায়িং মামলা খারিজ চেয়ে খালেদা জিয়ার আবেদন
ড্যান্ডি ডায়িং ও এর পরিচালকদের বিরুদ্ধে করা ৪৫ কোটি টাকা ঋণখেলাপির মামলা খারিজ চেয়ে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার ঢাকার অর্থঋণ আদালত-১-এ তাঁর পক্ষে দাখিল করা লিখিত জবাবে এ আবেদন করা হয়।
আদালত আগামী ৩০ আগস্ট এ মামলার শুনানির দিন ধার্য করেছেন।
মঙ্গলবার এ মামলায় লিখিত জবাব দাখিলের দিন ধার্য ছিল। সে অনুযায়ী খালেদা জিয়ার পক্ষে জবাব দাখিল করা হয়। তবে তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ের পক্ষে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন। ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে লিখিত জবাবে বলা হয়, সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডায়িং কোম্পানি ১৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ নেয়। বিবাদী প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করলে ব্যাংক নতুন করে ঋণ পুনঃ তফসিল করে। সোনালী ব্যাংক নিয়মবহির্ভূত ও বেআইনিভাবে ৪৫ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে এ মামলা করেছে। যা অর্থঋণ আইনে বৈধ নয়। এ ছাড়া আরাফাত রহমান নামমাত্র কোম্পানির পরিচালক ছিলেন। তিনি লেনদেনের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। তাই এই মামলা খারিজযোগ্য।
চলতি বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান মারা যান। তাঁর সম্পদের অংশীদার হিসেবে খালেদা জিয়া, আরাফাতের স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমানকে বিবাদী করতে ১৬ মার্চ আবেদন করে সোনালী ব্যাংক। আদালত তা মঞ্জুর করে এ চারজনকে জবাব দাখিল করার আদেশ দেন।