ড্যান্ডি ডাইং মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
ড্যান্ডি ডাইংয়ের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন।
ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস আংশিক সাক্ষ্য গ্রহণ করেন। ১৭ এপ্রিল বাকি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন তিনি।
গত বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান। এরপর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ খালেদা জিয়া, আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করে।
এ মামলায় অন্য বিবাদীরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাঁর মামা প্রয়াত সাঈদ এস্কান্দরের ছেলে শামস এস্কান্দর ও সাফিন এস্কান্দর, মেয়ে সুমাইয়া এস্কান্দর ও স্ত্রী নাসরিন আহমেদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন (অন্য মামলায় বর্তমানে কারাগারে), মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান।
১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের অনুকূলে সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ওই বছরের ৯ মে সোনালী ব্যাংক ঋণ মঞ্জুর করে। ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁদের সুদ মওকুফ করে। পরবর্তী সময় বিবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক আবারও ঋণ পুনঃতফসিলীকরণ করে দেয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে বারবার কালক্ষেপণ করতে থাকেন। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের পক্ষ থেকে ঋণ পরিশোধের জন্য বিবাদীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হলেও তাঁরা কোনো ঋণ পরিশোধ করেননি। ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।