ড্যান্ডি ডায়িং মামলায় সাক্ষ্যগ্রহণ ৩ এপ্রিল
ড্যান্ডি ডায়িং ও এর পরিচালকদের বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এই আদেশ দেন।
আজ এই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। এদিন মামলার বিবাদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন।
সময়ের আবেদনে বলা হয়, মামলায় বিচার শুরু হওয়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ জন্য সময় চাওয়া হচ্ছে।
পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
গত ২ ফেব্রুয়ারি ঋণখেলাপির এই মামলায় খালেদা জিয়াসহ ১৪ জন বিবাদীর বিরুদ্ধে বিচার শুরুর (ইস্যু গঠন) আদেশ দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডায়িং কোম্পানির নামে ১৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ নেওয়া হয়। ঋণখেলাপের অভিযোগে ২০১৩ সালে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলা হয়। মামলায় ড্যান্ডি ডায়িংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়।
আরাফাত রহমান মারা গেলে তাঁর সম্পদের অংশীদার হিসেবে খালেদা জিয়া, আরাফাতের স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়েকে বিবাদী করা হয়।