ড্যাপ অগ্রাহ্য করে আবাসিক প্রকল্পের অনুমতি দিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ভঙ্গ করে সরকার নিজেই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংরক্ষিত এলাকায় জলাভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ভরাট করে আবাসিক প্রকল্প অনুমোদনের সুপারিশ করছে বলে অভিযোগ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আইনজীবীরা। তাঁরা সরকারের এ ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, ইনস্টিটিউট অব আরকিটেক্টস বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেন্টার ফর আরবান স্টাডিজ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ড্যাপ বাস্তবায়ন ও ড্যাপকে ঢাকার উন্নয়নের ভিত্তি দলিল হিসেবে গ্রহণ করে তার ভিত্তিতে সব ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, খন্দকার এম আনসার হোসেন, সাঈদ আহমেদ, গোলাম রহমান, সালমা এ শফি ও সৈয়দা রিজওয়ানা হাসান। লিখিত বক্তব্য উপস্থাপন করেন আক্তার মাহমুদ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনস্বার্থ উপেক্ষা করে গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য ড্যাপ অগ্রাহ্য করে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ করা হচ্ছে। এসব প্রকল্প বাতিল করা না হলে ঢাকা মহানগরের পরিবেশ বিপর্যয় ঘটবে ও বসবাসের উপযোগিতা হারাবে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ২০১০ সালে প্রণীত ড্যাপের আইনগত ভিত্তি ও বাধ্যবাধকতা রয়েছে। এই আইনের ব্যত্যয় করা যায় না। অথচ সম্প্রতি ড্যাপ সংশোধনের নামে সংরক্ষিত বন্যাপ্রবাহ এলাকায় কিছু আবাসন প্রকল্পকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
গত মে মাসে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শীতলক্ষ্যা ও বালু নদীর মধ্যবর্তী এলাকায় ‘জলসিড়ি আবাসন’, টঙ্গীর তুরাগ নদের পাশে ‘প্রত্যাশা হাউজিং’ এবং কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট রাস্তার দুই পাশে ‘পুলিশ হাউজিং’-এর নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে। আর কিছুদিন আগে ড্যাপ কমিটির কাছে আরও ১৯টি আবাসন প্রকল্পের সুপারিশ আসে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন পর্যালোচনা কমিটির সভায় ড্যাপ প্রস্তাবিত ভূমি ব্যবহারের শ্রেণি পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আলোচকেরা বলেন, সরকার যে প্রক্রিয়ায় এসব প্রকল্পের অনুমোদন দিচ্ছে বা সুপারিশ করা হচ্ছে, তা সম্পূর্ণ আইনবহির্ভূত ও জনস্বার্থবিরোধী। ক্ষমতার অপব্যবহার করে এসব দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন আলোচকেরা।