আওয়ামী লীগ সরকার ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই অবৈধভাবে নির্মিত সব বাড়ি ভেঙে ফেলার কোনো পরিকল্পনা ক্ষমতাসীন সরকারের নেই। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি করবে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকা মহানগরীর বাসযোগ্যতা রক্ষার্থে ইমারত নির্মাণ বিধিমালার ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এবং আবাসন খাতের পত্রিকা মুক্ত আকাশ বৈঠকের আয়োজন করে।আবদুল মান্নান খান বলেন, ড্যাপ বাস্তবায়নের জন্য তাঁরা আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে চান। এ জন্য প্রথমে ঢাকা শহরের অবৈধ বাড়িগুলোকে চিহ্নিত করে সবাইকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর বাড়ির মালিককেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হবে। বাড়ি নির্মাণে যে শ্রম, মেধা ও অর্থ ব্যয় হয়েছে তা বিবেচনায় এনে বাড়িটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। এ ক্ষেত্রে উঁচু ভবন ভাঙার অভিজ্ঞতাও মাথায় রাখতে হবে। র্যাংগস ভবন ভাঙার সময় ১১ জনের প্রাণহানি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীতে অবৈধ বাড়িঘরের সংখ্যা অনেক। কিন্তু সরকার একনাগাড়ে এসব বাড়িঘর ভেঙে লন্ডভন্ড করতে চায় না। তাহলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। সরকার তার অনমনীয় অবস্থান থেকে সরে এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ‘না’ সূচক উত্তর দেন।এদিকে রাজধানীকে বাসযোগ্য করতে ড্যাপ বাস্তবায়নের পাশাপাশি সংশোধিত ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আবদুল মান্নান খান। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এই বিধিমালার কোনো কোনো অংশে পরিবর্তন আনার চেষ্টা করছিল বলে অভিযোগ করে আবাসন খাতে ব্যবসায়ীদের সংগঠন ও নাগরিক কমিটিগুলো। রাজউক বেশ কিছুদিন ধরে ১০ তলার উঁচু ভবন নির্মাণের অনুমতি দিচ্ছিল না।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সুশাসন ও নগরায়ণবিষয়ক সম্পাদক ইকবাল হাবীব বলেন, ঢাকার জনবসতির জন্য আবাসনসংকট মেটাতে বহুতল ভবন নির্মাণ ছাড়া কোনো উপায় নেই। ইমারত বিধিমালায় ড্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো কোনো জায়গায় সংগতি স্থাপনের কথা বলা হয়েছিল। এর বাইরে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, অনেকে এই বিধিমালা নিয়ে অভিযোগ করায় তাঁরা মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, মুক্ত আকাশ-এর উপদেষ্টা সম্পাদক ও রিহ্যাবের সাবেক সভাপতি মো. আবদুল আউয়াল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগের চেয়ারম্যান সারওয়ার জাহান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রধান মোবাশ্বের হোসেন প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান কাজী গোলাম নাসির।