ড্যাপ পরিবর্তনের প্রচেষ্টা বন্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক জীবন ও মহানগরের ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পরিবর্তনের প্রচেষ্টা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। পাশাপাশি ড্যাপ সংশোধনীর আগে পেশাজীবী প্রতিষ্ঠানের মতামত নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
গতকাল মঙ্গলবার বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঢাকাকে রক্ষায় স্বাধীনতার পর প্রথম পরিকল্পিত নগরায়ণ দলিল ‘ড্যাপ’ বর্তমান সরকার ২০১০ সালে প্রণয়ন ও অনুমোদন করে। এই গুরত্বপূর্ণ পরিকল্পনাটি বাস্তবায়নে দৃঢ় কার্যক্রম নেওয়ার পরিবর্তে গত ৪ জুন ড্যাপ-সংক্রান্ত মিন্ত্রসভা কমিটি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ও সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে কিছু আবাসন প্রকল্পের অনুমতি দিয়েছে। সেই সঙ্গে কুড়িল-পূর্বাচল মহাসড়কসংলগ্ন খালগুলো অবলুপ্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা মহানগরের সার্বিক সুস্থতা তথা অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সুদূরপ্রসারী চিন্তার ফসল ড্যাপ। এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এসব সিদ্ধান্ত ঢাকা মহানগরের ভবিষ্যৎকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের অন্যান্য সুস্পষ্ট লক্ষণগুলোর কারণে রাজধানী ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বাসযোগ্যহীন নগরের তালিকায় স্থান পেয়েছে।
এই সিদ্ধান্ত ড্যাপের মূল ভিত্তি ‘স্ট্রাকচার প্ল্যান’-এর ‘পলিসি রিভার পলিউশন কন্ট্রোল’ এবং ‘ফ্লাড ফ্লো জোনস’-এর সরাসরি বরখেলাপ ও পরিপন্থী। এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর আগ্রহে প্রণীত বহুল অভিনন্দিত ‘মহানগরীর উন্মুক্ত স্থান, খেলার মাঠ ও জলাশয় সংরক্ষণ আইন, ২০১০’-এর মূল চেতনাবিরোধী। বিজ্ঞপ্তি৷