ড্যাপ বাস্তবায়নে বিশেষ সিদ্ধান্ত
ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) যেভাবে প্রণীত হয়েছে, সেভাবেই বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি। কমিটির সিদ্ধান্ত হচ্ছে, ড্যাপে উল্লিখিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার পরিকল্পনা সরেজমিনে ভুল প্রমাণিত না হলে কোনো ক্ষেত্রেই ড্যাপ সংশোধন করা হবে না।গতকাল রোববার বিকেলে সচিবালয়ে কমিটির সভাপতি, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। ২০১০ সালের জুনে সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হওয়ার পর এটি কমিটির দ্বিতীয় সভা।সভায় বলা হয়, ড্যাপ কার্যকর আছে। একইভাবে কার্যকর থাকবে। তবে যদি কোনো বেসরকারি আবাসন কোম্পানি বা ভূমি ব্যবহারকারী সরেজমিনে প্রমাণ করতে পারে যে তার বা তাদের মালিকানাধীন জায়গায় রাজউকের ভূমি ব্যবহার পরিকল্পনা সঠিক নয়, শুধু সে ক্ষেত্রে ড্যাপ সংশোধন করা হবে।একজন নির্ভরযোগ্য কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘ধরা যাক, রাজউকের ভূমি ব্যবহার পরিকল্পনায় একটি জায়গাকে জলাশয় হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে, ওই জায়গাটি জলাশয় নয়, শুধু এ ধরনের ক্ষেত্রে ড্যাপ সংশোধন করা হবে। এককথায় রাজউকের ভূমি ব্যবহার পরিকল্পনা কোথাও ভুল প্রমাণিত হলে সে ক্ষেত্রেই কেবল ড্যাপ সংশোধন করা হবে। অন্য কোনো ক্ষেত্রে নয়।’ রাজউক ড্যাপ প্রণয়নের পর তা পর্যালোচনার জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে সেগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি ও ১০টি বেসরকারি। বেসরকারি প্রকল্পগুলোর মধ্যে বেশির ভাগই অননুমোদিত।বিশেষজ্ঞ কমিটি ২০১০ সালের ১০ জুন প্রতিবেদন দাখিল করে। এর কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভা সেটি অনুমোদন করে। এরপর সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়। একই সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি করা হয়। ড্যাপের ব্যাপারে কোনো অভিযোগ এলে তা পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয় ওই কমিটিকে। কমিটি ২০১০ সালে প্রথম সভায় মিলিত হয়েছিল।