ড্যাপ বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তরুণসমাজসহ পরিবেশসচেতন সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) পরিবেশবাদী একাধিক সংগঠন। গতকাল বুধবার দিনব্যাপী এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। সেমিনারে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন ও প্রচেষ্টার ফলে ড্যাপ অনুমোদিত হলেও এর সুপারিশগুলো আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এর প্রধান কারণ, একটি স্বার্থান্বেষী প্রভাবশালী ও বিত্তশালী মহল অবিরত নদী-জলাশয়গুলো ভরাট ও দখল করে যাচ্ছে।
বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) উদ্যোগে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘পরিবেশ আন্দোলন ও সংগঠন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, নগরায়ণের নামে কৃষিজমি ধ্বংস না করে একটি পরিকল্পিত নগরায়ণ কৌশল গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। এ জন্য ড্যাপ বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ বাড়াতেই হবে। ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে হবে। গত বছর নদীর সীমানা খুঁটি বসানোর যে কার্যক্রম শুরু হয়েছে, তা সঠিকভাবে হয়েছে কি না, তা নিয়ে বিভ্রান্তিও আছে। সেই তথ্য কর্তৃপক্ষের কাছ থেকে জানতে হবে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আগের তুলনায় বর্তমান সময়ে পরিবেশ আন্দোলন অনেক বেগবান হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে পরিবেশবিধ্বংসী কার্যক্রম অব্যাহত আছে। তাই পরিবেশ রক্ষায় জনগণকে আরও দৃঢ় মনোবল নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধক ও বাপার সভাপতি এ এস এম শাহজাহান বলেন, পরিবেশ বিষয়ে দেশের জনগণের চিন্তাচেতনা ও উপলব্ধি বেড়েছে। এ প্রচেষ্টা আরও বাড়াতে পারলেই তা পরিবেশবান্ধব রাষ্ট্র গঠনে সহায়ক হবে।
বেনের সমন্বয়ক অধ্যাপক নজরুল ইসলাম জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের নদ-নদী থেকে উজানে পানি প্রত্যাহার পরিবেশ-সংকটকে গভীর, ব্যাপক ও তীব্র করে তুলেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য ব্যাপক গণ-আন্দোলন ও গণজাগরণ প্রয়োজন, যা ইতিমধ্যেই কিছুটা জাতীয় ক্ষেত্রে এবং স্থানীয় ক্ষেত্রে সম্ভাবনার সৃষ্টি করেছে।
প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ বলেন, উন্নয়নের নামে পরিবেশবিধ্বংসী কোনো প্রকল্প গ্রহণ করা হলে তা বর্জন করতে হবে। মুনাফার কথা না ভেবে দেশরক্ষা ও পরিবেশ উন্নয়নের কথা আগে ভাবতে হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশ রক্ষার আন্দোলনে রাজনৈতিক চেতনা প্রয়োজন, সেটা আমরা করতে পেরেছি কি না ভাবতে হবে।’
সভাপতির বক্তব্যে বাপার সহসভাপতি বজলুল হক খন্দকার বলেন, পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় প্রয়োজন সরকার ও রাজনীতিবিদদের অঙ্গীকার ও তা বাস্তবায়ন।
সেমিনারে অন্যদের মধ্যে স্থপতি আবু সাঈদ এম আহম্মেদ, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, উবিনীগের প্রধান নির্বাহী ফরিদা আখতার, সিপিবি নেতা রুহিন হোসেন বক্তব্য দেন।