ড্যাপ বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিত নগরায়ণের জন্য পর্যালোচনা কমিটি প্রস্তাবিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। একই সঙ্গে সংগঠনের পরিকল্পনাবিদেরা নগরায়ণের জন্য পাঁচ দফা প্রস্তাবও পেশ করেন।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনাবিদেরা বলেন, ড্যাপ বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে ঢাকার অবস্থা পুরান ঢাকার নিমতলীর চেয়েও ভয়াবহ হবে। তাই সুন্দর পরিকল্পিত নগরের জন্য এখনই ড্যাপ বাস্তবায়ন করতে হবে। রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারের বিআইপি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিআইপির উত্থাপিত পাঁচ দফার মধ্যে রয়েছে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অবিলম্বে ড্যাপ অনুমোদন; মহাপরিকল্পনায় নির্দেশিত ভূমি ব্যবহার কঠোরভাবে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া; কৃষিভূমি, বন ও জলাভূমি রক্ষার স্বার্থে নগর, শহরসহ চিহ্নিত শিল্প-বাণিজ্য এলাকার বাইরে কোনো অকৃষিকাজের অনুমতি দেওয়া যাবে না; একই সঙ্গে রাজধানী রক্ষার স্বার্থেই অঞ্চলভিত্তিক বৃহৎ নগরের মহাপরিকল্পনা বাস্তবায়ন করে প্রশাসনিক, বাণিজ্যিক ও শিল্প বিকেন্দ্রীকরণ করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক এ কে এম আবুল কালাম।এতে আরও বলা হয়, ঢাকা রক্ষার স্বার্থে অবিলম্বে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় নিয়ে এসব সংস্থায় পরিকল্পনাবিদ নিয়োগ ও দক্ষ জনবল সৃষ্টি করে সেবার মান বাড়াতে হবে এবং রাজউকের ক্ষমতা কাঠামো সংশোধন করে এতে দক্ষ জনবল নিয়োগ করতে হবে। সংবাদ সম্মেলনে বিআইপির সভাপতি সারওয়ার জাহান, বিআইপির সাবেক সভাপতি গোলাম রহমান, যুগ্ম সম্পাদক ফজলে রেজা, সহসভাপতি শওকত আলী খান, রাজউকের নগর পরিকল্পনাবিদ মুনিরা বেগম, কোষাধ্যক্ষ মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।সারওয়ার জাহান বলেন, ‘আমরা সবাই এখন সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকি। যত দিন এ অবস্থার পরিবর্তন না হবে, তত দিন সমস্যার সমাধান হবে না। স্থানীয় সরকার শক্তিশালী করতেই হবে, শক্তিশালী নগর সরকার করতে হবে। এ জন্যই বাজেট থাকা উচিত, জেলা বাজেটও হওয়া উচিত।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিকল্পনাবিদেরা বলেন, যেসব আবাসনশিল্পের মালিকেরা আইন অমান্য করে হাজার কোটি টাকা খরচ করে আবাসন করছেন, তাঁরা রাজধানী ঢাকাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। বসুন্ধরা অল্প একটু জমি কিনে কয়েক হাজার বিঘা জমিতে বাঁধ দিয়েছে। এগুলোর কোনো অনুমোদন দেওয়া হয়নি। ঢাকাকে রক্ষার স্বার্থেই এসব বেআইনি কাজ বন্ধ করতে হবে।