রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়িত হলে ঢাকা আবার নতুন জীবন ফিরে পাবে। তবে ড্যাপ বাস্তবায়নে ঢাকার মানুষ যেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, তা গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান ‘ঢাকাবাসী’র উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ঢাকার ৪০০ বছর উদ্যাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বক্তারা ড্যাপের গেজেট অনুসারে এ-বিষয়ক মানচিত্র ও বিস্তারিত বিবরণ ঢাকা সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলোতে টানিয়ে দেওয়ার আহ্বান জানান। এতে ঢাকার ভূমিকম্প মোকাবিলায় নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ রেজাউর রহমান, শাহনাজ হক হুসেন প্রমুুখ। এতে সভাপতিত্ব করেন শুকুর সালেক। বিজ্ঞপ্তি।