ড্যাপের মেয়াদ বাড়ল
ঢাকাকে পরিকল্পিত ও বাসযোগ্য একটি নগর হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) মেয়াদ বাড়িয়েছে সরকার। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়। এটি বাস্তবায়নের পূর্ববর্তী মেয়াদ ছিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর।
ঢাকার উন্নয়নে প্রথম মহাপরিকল্পনা নেওয়া হয় ১৯৬০ সালে। এরপর যুক্তরাজ্যের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় ১৯৯৫ সালে নেওয়া হয় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি)। এর আলোকে ১৫ বছর পর গণপূর্ত মন্ত্রণালয় ২০১০ সালের ২২ জুন বর্তমান ড্যাপের গেজেট প্রকাশ করে, যার আওতায় রয়েছে ঢাকার আশপাশের ৫৯০ বর্গমাইল এলাকা।
মাঠপর্যায়ে সরাসরি ড্যাপ বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বর্তমান ড্যাপের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী ড্যাপের জন্য ইতিমধ্যে একটি কাঠামো পরিকল্পনার খসড়া প্রণয়ন করেছে সংস্থাটি, যার মেয়াদ হবে ২০৩৫ সাল পর্যন্ত। এ খসড়া পরিকল্পনায় চারটি সিটি করপোরেশন—ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর; পাঁচটি পৌরসভা এবং ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার ৭০টি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আধুনিক নগর পরিকল্পনায় সাধারণত কোনো শহর বা অঞ্চলের পরিকল্পনা করা হয় তিনটি ধাপে। এর প্রথম ধাপে থাকে কাঠামো পরিকল্পনা বা স্ট্র্যাকচার প্ল্যান। দ্বিতীয় ধাপে শহর এলাকা পরিকল্পনা বা আরবান এরিয়া প্ল্যান ও সর্বশেষ ধাপে থাকে বিশদ এলাকা পরিকল্পনা বা ডিটেইল এরিয়া প্ল্যান। যে পরিকল্পনায় বিশদভাবে ভূমির সুনির্দিষ্ট ব্যবহার নির্ধারণ করা হয়।