ড্যাফোডিলে টনি খানের রান্না প্রদর্শনী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে হয়ে গেল খাবার রান্না নিয়ে প্রদর্শনী। রান্না বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে রান্নাবিদ টনি খান সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন পদের খাবার রান্না করে দেখান এবং একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ গতকাল শনিবার ডিআইইউয়ের অস্থায়ী চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে। একই সঙ্গে রান্নাশিল্পের ওপর একটি শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আন্তর্জাতিক মানসম্পন্ন রান্নাবিদ এবং টনি খান কুলিনারি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট টনি বলেন, পেশাদার রান্নাশিল্পী হতে চাইলে অবশ্যই সঠিক জ্ঞানার্জন, দক্ষতার উন্নয়ন ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। বর্তমানে বাংলাদেশে হোটেল ও রেস্টুরেন্টের বিভিন্ন খাতে প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হামিদুল হক খান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম ফজলুল হক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মহবুব পারভেজসহ অনেকে।