ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল পুরস্কার লাভ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়ার সেরা বিজনেস স্কুল অ্যাওয়ার্ড (সম্মাননা) লাভ করেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ‘তৃতীয় সিএমও এশিয়া-ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। গত ১৯ জুলাই সিঙ্গাপুরের রয়েল পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তিনটি পৃথক বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ পুরস্কার (সম্মাননা) লাভ করে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার লাভ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান, নেতৃত্বের জন্য পুরস্কার পান বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তির সেরা অধ্যাপক হিসেবে পুরস্কার লাভ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস ও সিএমএ কাউন্সিল যৌথভাবে এ পুরস্কার দেয়। বিজ্ঞপ্তি।