ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যুগপূর্তি উৎসব

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক যুগ পূর্তি উৎসব উদ্যাপিত হয়ে গেল গত শুক্রবার। সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী আজ ও আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘মধ্যম আয়ের দেশ এমনিতেই তৈরি হবে না, এটাকে তৈরি করতে হবে। এটা আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ। আপনাদের শিক্ষাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করুন।’ সভাপতির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান বলেন, ‘আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ২০১৮ সালের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য চমৎকার ফাইভ স্টার ক্যাম্পাস গড়ে তোলা। স্থায়ী ক্যাম্পাসে এরই মধ্যে আড়াই হাজার শিক্ষার্থীর আবাসনব্যবস্থার কাজ সম্পন্ন হয়েছে।’
এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী নানাবিধ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাস র্যালি, পিঠা উৎসব, আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন প্রকল্প প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বনভোজন, সেলিব্রিটি শো, খেলাধুলা, ফান ইভেন্টস, র্যাফেল ড্র, লাইভ কনসার্ট প্রভৃতি। বিজ্ঞপ্তি।