ড্যাফোডিলে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ‘ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ২০১৬’ ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়  এতে অংশ নিচ্ছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়
আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ‘ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ২০১৬’ ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়

ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী প্রাঙ্গণে শুরু হয়েছে ‘ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ২০১৬’ ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০টি দল এতে অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি আয়োজন করেছে ডিআইইউ।
গতকাল শুক্রবার ডিআইইউর স্থায়ী চত্বরে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য এস এম মাহবুব-উল হক মজুমদার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত।
এ সময় এস এম মাহবুব-উল হক মজুমদার বলেন, ‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এ আয়োজন। এই টুর্নামেন্টের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেও আন্তর্জাতিক মানের ক্রিকেট-প্রতিভা বেরিয়ে আসতে পারে।’
হাবিবুল বাশার সুমন বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ মাঠটি ক্রিকেটের জন্য দারুণ উপযোগী। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ-সংকট অনেকটাই কেটে যাবে। শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট-চর্চা অব্যাহত থাকলে এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে ভালো মানের ঘরোয়া ক্রিকেটার বেরোবে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ডিআইইউ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি।
এখন গ্রুপ পর্বের খেলা চলছে। এতে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে ১০টি দল। দ্বিতীয় ধাপে কোয়ার্টার ফাইনাল খেলবে ৮ দল। তৃতীয় ধাপে সেমিফাইনাল খেলবে ৪ দল। সবশেষে আগামী ৩ জুন ফাইনাল খেলবে টুর্নামেন্টের সেরা দুই দল।
গতকালের উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিআইইউ ও আইইউবি। এতে ৭৪ রানের জয় পেয়েছে ডিআইইউ। ম্যাচসেরা নির্বাচিত হন ডিআইইউর লিংকন। টুর্নামেন্টের সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডিআইইউর স্থায়ী চত্বরে।